রাজশাহীতে ‘নারায়ণগঞ্জ ফেরত’ ঝালমুড়ি বিক্রেতা আক্রান্ত
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই ব্যক্তির নমুনা পরীক্ষার ফল আসে বলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জানান।
তিনি জানান, ৪০ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি উপজেলার ভাংগীরপাড়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জে ঝালমুড়ি বিক্রি করেন। তার স্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় চাকরি করেন।
আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, গত রোববার (২৬ এপ্রিল) এই ব্যক্তিসহ ১২ জন মাইক্রোবাসযোগে নারায়ণগঞ্জ থেকে ভাংগীরপাড়া গ্রামে এসেছেন। তিনি ছাড়া ওই গাড়ির অন্যরা সবাই পোশাক কারখানার কর্মী। এদেরমধ্যে তার স্ত্রী-সন্তানও রয়েছেন।
“করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও গ্রামের লোকজনের পরামর্শে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে তার এবং তার পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফলাফলে তার পজিটিভ রিপোর্ট আসে।”
চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানান, দুর্গাপুর উপজেলায় এ পর্যন্ত মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল আসেনি। তবে ৩২ জনের নমুনার মধ্যে এই প্রথম একজনের করোনা শনাক্ত হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা আক্রান্ত রোগীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এই রোগির সঙ্গে যারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে তিনি জানান।
