২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আরও এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত

শেরপুরে নতুন করে আরও এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 09:32 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, গত বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

“এরমধ্যে ১৯ জনের পরীক্ষা করে রাতে ফলাফল পাঠিয়েছে, তাতে ওই ডাক্তারের কোভিড-১৯ পজেটিভ আসে। আক্রান্ত ডাক্তার শেরপুর জেলা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ।”

তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলেও জানান তিনি।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক আক্রান্ত হওয়ার পর জরুরি বিভাগ জীবণুমুক্ত করে চালু করা হয়েছে। আউটডোর ও ইনডোর জীবাণুমুক্ত করার কাজ চলছে বলে জানান তিনি।

এ নিয়ে শেরপুর জেলায় ২৯ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন; যাদের মধ্যে জেলার স্বাস্থ্য বিভাগেরই ১৭ জন রয়েছেন বলে জানান তিনি।

ইতিমধ্যে ছয়জন আক্রান্ত এ জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২৩ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়েছে। ২০ জন শেরপুরে চিকিৎসাধীন আছেন বলেন তিনি।

এ পর্যন্ত জেলায় ৬৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে ৪৫৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটে আরো ১৭৬ জনের নমুনার পরীক্ষা প্রক্রিয়াধীন আছে বলে জানান জেলা সিভিল সার্জন।