২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে চাঁদপুরের একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চাঁদপুরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি সেখানে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 04:10 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

জিয়াউল আহ্ছান জিয়া (৫০) নামের এই ব্যক্তি নিউ ইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট ছিলেন।

তার ছোট ভাই সুফিয়ান আহছান জানান, পুলিশে কর্মরত অবস্থায় তার ভাই করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ২ এপ্রিল থেকে টানা ২৫ দিন ভুগে রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

জিয়াউল আহ্ছান চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের প্রয়াত ভাষা সৈনিক অ্যাডভোকেট এ এফ এম ফজলুল হকের ছেলে। ১১ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ৫ম।  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রায় দুইশ বাংলাদেশির মৃত্যু হয়েছে, যার অধিকাংশই হয়েছে নিউ ইয়র্কে।

সুফিয়ান আহছান জানান, জিয়াউল আহছান চাঁদপুরের গনি মডেল হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং ১৯৮৭ সালে চাদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) শেষে স্নাতকোত্তর করেন ১৯৯২ সালে। এরপর ঢাকার সাভারে বিকেএসপিতে শিক্ষকতায় যোগ দেন।

সুফিয়ান আরও জানান, তিনি ১৯৯৭ সালে ডিভি লটারি পেয়ে জিয়াউল সপরিবারে যুক্তরাষ্ট্র পাড়ি দেন। যাওয়ার পরপরই তিনি সরকারি চাকরিতে (পুলিশে) যোগ দেন। প্রথমে লস অ্যাঞ্জেলেসে পোস্টিং হলেও দুই বছর পর নিউ ওয়ার্কে বদলি হন।

তার এক ছেলে এক মেয়ে। ছেলে কলেজে এবং মেয়ে স্কুলে পড়ছে। ছেলে-মেয়ে দুজনেরই জন্ম যুক্তরাষ্ট্রে।