গাজীপুরে কোভিড-১৯ লক্ষণ নিয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
গাজীপুরের কাপাসিয়ায় করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এক মাদ্রাসা শিক্ষক শুক্রবার মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোররাতে শ্বাস কষ্ট জনিত কারণে তিনি নিজ বাড়িতে মারা যান জানায় পুলিশ।
তবে এ তার (৫০) স্বজনদের দাবি ‘এজমার’ কারণে তার মৃত্যু হয়েছে।
কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট-কাশিতে ভুগছিলেন সনমানিয়া এলাকার এক হাফিজিয়া মাদ্রাসার এ শিক্ষক (৫০)। শুক্রবার ভোররাতে শ্বাস কষ্ট জনিত কারণে তার বাড়িতে মারা যান।
“তিনি অ্যাজমার রোগী ছিলেন বলে স্থানীয় চেয়ারম্যান ও মৃতের স্বজনরা জানিয়েছেন।”
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, শ্বাস কষ্ট ও কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ওই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাকে দুপুরে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
তার পরিবারের সদস্যদের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে কি-না তা নিশ্চিত হতে শনিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
তার পরিবারের লোকজনকে হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
