চাঁদপুরে নিখোঁজের পর মিলল স্কুলছাত্রীর গলাকাটা লাশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার তিন সপ্তাহ পর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডার গার্টেন থেকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত কাকলী উপজেলার ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। ওই ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের ভজন মিস্ত্রির মেয়ে সে।
ওসি নাসির বলেন, গত ২৮ মার্চ কাকলী বাড়ি থেকে নিখোঁজ হয়। তার পরদিন তার মা থানায় জিডি করেন। বুধবার সকালে স্থানীয় শিশুরা খেলাধুলা করার সময় বল কুড়াতে গিয়ে লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা গিয়ে শনাক্ত করেন।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ওসি নাসির উদ্দিন।
