দোহারে ‘প্রথম’ করোনাভাইরাসের রোগী শনাক্ত
দোহারে প্রথমবারের মত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
মঙ্গলবার সকালে দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “করোনাভাইরাসের উপসর্গ থাকায় সোমবার দোহারের কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। পরে আইইডিসিআর থেকে মেইলের মাধ্যমে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে বলে জানানো হয়।”
আইইডিসিআরের টিম দোহারে গিয়ে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং ওই ব্যক্তির সংস্পর্শে কারা গিয়েছেন সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান জসিম উদ্দিন।
এদিকে নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ব্যক্তির পরিবারসহ আশেপাশের অন্তত ২৫টি পরিবারকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে বলে দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান।
তিনি বলেন, “মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই এলাকায় বাইরের কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তির গত কয়েকদিনের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। তার শ্বশুরবাড়ির সঙ্গে যাতায়াত থাকায় সেই বাড়িটিও অবরুদ্ধ করা হয়েছে।”
