২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 03:35 AM

Updated : 10 Oct 2022, 07:07 PM

সোমবার উপজেলার বকসনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছোট বকসনগরের এক বাড়ির পেছনে এক গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল জানান, উপজেলার বকসনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছোট বকসনগর এলাকার এক বাড়ির পেছনের একটি গর্তে বৃষ্টির জমে থাকা পানি থেকে সোমবার লাশটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহত দ্বীন ইসলাম (৬) ওই এলাকার আরিফের ছেলে।

নিহতের ছোট চাচা মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রোববার সকাল ১০টায় আমার ভাতিজা বাসা থেকে খেলতে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে আমরা বিকালে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি।

“আজ সকাল ১০টায় ওই গর্তের পানিতে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে জানালে আমরা পুলিশে খবর দিই। তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

“এত ছোট গর্তের এতটুকু পানিতে পড়ে আমার ভাতিজা মারা যেতে পারে না।”

তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন মহসিন।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 

সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় হত্যার অভিযোগ এনে নিহতের বাবা আরিফ বাদী হয়ে বিকালে থানায় একটি হত্যা মামলা করেছেন।

অভিযোগের ভিত্তিতে ‘নিহতের প্রতিবেশী নিকট আত্মীয়’ এক নারীকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।