গাজীপুরে ‘অকারণে ঘোরাঘুরি করায়’ ১৮ জনের জরিমানা
গাজীপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অকারণে বাইরে ঘোরাঘুরি করায় ১৮ জনকে প্রায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার বলেন, শনিবার কাপাসিয়া উপজেলা, টঙ্গীর বিসিক, চেরাগ আলী, হাড়িনাল, সাইনবোর্ড, বোর্ডবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাদের এই দণ্ড দেয়।
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পরস্পর থেকে দূরে থাকাই এখন পর্যন্ত সেরা উপায় বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
অন্য অনেক দেশের মত বাংলাদেশ সরকারও প্রায় সবকিছু বন্ধ করে সবাইকে ঘরে থাকতে বলেছে। অনেক জেলা থেকে বের হওয়া এবং ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সবাই ঘরে থাকতে চাইছে না। তাদের ঘরে ফেরাতে প্রতিদিনই দেশের প্রায় সব জেলায় জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
