ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার পর চাল বিতরণ কার্যক্রম স্থগিত করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘোষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার খলিলুর রহমান বলেন, “গত ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থ বছরের খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা দরের চাল বিতরণের জন্য ইউপি চেয়ারম্যান মনগড়া তালিকা করেন এবং পরে সেই চাল তুলে আত্মসাত করেন। এছাড়া ওই ইউনিয়নে ১ এক হাজার ১৫৬ জনকে কার্ড দেওয়া হয়েছে।
যার মধ্যে এক তৃতীয়াংশ কার্ড সংশ্লিষ্টদের হাতে না দিয়ে ইউপি চেয়ারম্যান নিজেই চাল তুলছেন। এরপর অর্থ বছর শেষ হওয়ার আগেই গত মার্চ মাসে তিনি আগের তালিকার এক-তৃতীয়াংশ নাম বাদ দিয়ে নিজের মনমতো নতুন নাম দিয়ে তালিকা করেন।”
ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্ডধারী গৌতম কুমার মণ্ডল বলেন, “চাল পাওয়াতো দূরের কথা। আমাদের নামে কার্ড ইস্যুর বিষয়টিই তো জানি না।”
একই অভিযোগ করেছেন ৭ নম্বর ওয়ার্ডের গফফার শেখসহ আরও অনেকে।
৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শহিদুল মাতুব্বর বলেন, “আমার ভাইয়ের নামে কার্ড করে চাল তুলে নিয়েছেন ইউপি মেম্বার।”
এদিকেঅভিযোগ পেয়ে ওই ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির বর্তমান বরাদ্দের এই চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান।
তিনি বলেন, “সহকারী কমিশনারকে (ভূমি) অভিযোগ তদন্তের দ্বায়িত্ব দিয়েছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ করা হয়েছে। এ প্রেক্ষিতে আমি আবারও নতুন করে তালিকা সংশোধন করে জমা দিয়েছি। বিষয়টি মিমাংসা করা হচ্ছে।”
