ফরিদপুরে ভিজিএফ তালিকায় ইউপি সদস্যের ৫ স্বজন
ফরিদপুরে দরিদ্রদের জন্য তৈরি খাদ্যসহায়তার তালিকায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের দুই ছেলেসহ পাঁচ স্বজনের নাম রয়েছে।
জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে যে তালিকা জমা দেন তাতে তাদের নাম রয়েছে।
চেয়ারম্যান গত ৬ এপ্রিল ইউনিয়নের এক হাজার ৯০০ জনের তালিকা করেন। তালিকায় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেনের পরিবারের পাঁচ সদস্যদের নাম রয়েছে। তালিকার ২৬৭ নম্বরে রয়েছেন জাহাঙ্গীর হোসেনের ছেলে সাব্বির, ২৬৮ নম্বরে অন্য ছেলে ওমর সানি, ২৬৯ নম্বরে জাহাঙ্গীরের ভাই মালয়েশিয়া ফেরত বাবলু, ২৭০ নম্বরে জাহাঙ্গীরের আরেক ভাই লাবলুর স্ত্রী রেজি ও ২৭১ নম্বরে রয়েছে জাহাঙ্গীরের স্ত্রী মাহফুজার নাম।
চেয়ারম্যান কবির হোসেনের দাবি, “তাড়াহুড়ো করে তালিকা করায় তাতে অনেক ভুল হয়েছে। এক ব্যক্তির নাম একাধিকবার এসেছে। অনেক সচ্ছল ব্যক্তির নাম ঢুকে গেছে। এখন তালিকা যাচাই-বাছাই করে ত্রাণসামগী বিতরণ করা হচ্ছে। এ ইউনিয়নে এক হাজার ৯০০ জনের তালিকা করা হলেও এক হাজার ৫০০ জনকে সহায়তা দিলেই চলবে।”
তবে ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন দাবি করেছেন, “ওই তালিকা গরিবদের জন্য নয়, মধ্যবিত্তদের জন্য করা হয়েছে। একজন নাগরিক হিসেবে আমারও তো সাহায্য চাওয়া কিংবা নেওয়ার অধিকার আছে। তবে এ ব্যাপারে এলাকায় কথা ওঠায় আমি এখনও ওই মাল তুলিনি।”
