ফরিদপুরে উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, স্বামী-ছেলে অসুস্থ
ফরিদপুরের নগরকান্দায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে তার বাড়িতে মারা যান তিনি।
মৃত ৩৮ বছর বয়সী এ নারী গত কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন। তার স্বামী ও ছেলেও অসুস্থ রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যেতি প্রু বলেন, “এ ঘটনার পর ওই বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”
প্রতিবেশী সেলিম ফকির জানান, ধারণা করা হচ্ছে, তার ছেলে বাইরে থেকে করোনাভাইরাস বহন করে বাড়িতে এনেছেন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, খবর পেয়ে একটি মেডিকেল টিম তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
চরযশোরদী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, প্রতিবেশী ও বাড়ির লোকরা মৃতের গোসল ও দাফনে অনীহা দেখানোয় ইসলাম ফাউন্ডেশনের কর্মীরা তার গোসল ও জানাজা পড়ায়। বিকালে তাকে দাফন করা হয়।
