চাল-চোরদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় সিপিবির অবস্থান
ত্রাণের চাল চোরদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের রেলগেটে সিপিবির কার্যালয়ের সামনে দূরত্ব বজায় রেখে গাইবান্ধা জেলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তব্য দেন, সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ জামান, মাহমুদুল গনি, তপন কুমার বর্মণ, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী, ময়নুল কবীর মন্ডল, আসোয়াদ আলী, রেহেনা বেগম, সাঘাটা উপজেলা সিপিবির সভাপতি রেজাউল করিম, সুন্দরগঞ্জ উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সদস্য আমিনুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা সিপিবির নেতা সাজু মাস্টার ও অন্যরা।
বক্তারা বলেন, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি বরাদ্দের চাল যেভাবে সরকারি দলসহ জনপ্রতিনিধিদের একাংশ চুরি করছে, তা রীতিমত লজ্জার। এসব চোরদের গ্রেপ্তার করে তাৎক্ষণিকভারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এছাড়া বক্তারা জেলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে পর্যাপ্ত টেস্টের ব্যবস্থা করার, চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, আয়া, পরিচ্ছন্নকর্মীসহ সবার জন্য পর্যাপ্ত পিপিই সহ সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।
এদিকে, একই সময়ে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ির কঞ্চিপাড়া, পলাশবাড়ীর মেরিরহাটে এই কর্মসূচি পালিত হয়।
