২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে সাভারে ফের শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকার সাভারে বেশ কয়েকটি পোশাক কারখানায় আবার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 04:38 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

বৃহস্পতিবার আশুলিয়ার টেংগুরী পুকুরপাড়, কলতাসূতী, কুটুরিয়া, পূর্ব নরসিংহপুর, নরশিংহপুর ও খেজুরবাগান এলাকায় বিক্ষোভ হয়।

কারখানাগুলো হলো গ্লোরিয়াস ড্রেস লিমিটেড, ফ্রাউলেন ফ্যাশন লিমিটেড, জেড এ অ্যাপারেলস, টপগ্রেড ওয়াশিং লিমিটেড, আদিয়াত অ্যাপারেলস লিমিটেড, ক্যাথে অ্যাপারেলস লিমিটেড ও ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, বিক্ষোভ চলাকালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ক্যাথে অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির মধ্যে সরকারি ছুটিতে করকারখানা বন্ধ হওয়ার পর অনেক মালিক তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। এ কারণে গত কয়েকদিন ধরে ঢাকা নগরী, সাভার, নারায়নগঞ্জ ও গাজীপুরের কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছে।

প্রায় প্রতিক্ষেত্রে দেখা যাচ্ছে বিক্ষোভ-অবরোধের এক পর্যায়ে মালিক, পুলিশ ও শ্রমিক প্রতিনিধির বৈঠকে বেতন-ভাতা পরিশোধের আশাস পেয়ে শ্রমিকরা ফিরে যান।    

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের বেকেয়া বেতন-ভাতা দেই দিচ্ছি বলে ঘোরাচ্ছে। এর মধ্যে আবার করোনাভাইরাসের কারণে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে তারা আর্থিক সঙ্কটে পড়েন। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামেন।

নরশিংহপুর এলাকার ক্যাথে অ্যাপারেলস লিমিটেড কারখানার ফিনিশিং শাখার শ্রমিক রানা মিয়া বলেন, জানুয়ারি থেকে কারখানার দুই শতাধিক শ্রমিকের বেতন-ভাতা বকেয়া রয়েছে। মালিকপক্ষ দেই দিচ্ছি বলেও ঘোরাচ্ছে। শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছে।

“আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে শিল্প পুলিশ আচমকা টিয়ার গ্যাস ছুড়েছে। গ্যাসের কারণে ১৫/২০ জন শ্রমিক আহত হয়।”

রানা মিয়া বলেন, আহতদের মধ্যে তিনি তার সহকর্মী আসমা, মমতাজ, নুর উদ্দিন, সাইদুল, সাকিল, আরিফ ও হুমায়ুনকে রিকশায় করে বাড়ি পৌঁছে দিয়েছেন।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ক্যাথে অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করলে শিল্প পুলিশ মিছিলে হামলা করে।

তিনি আরও জানান, তাদের সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে শ্রমিক ছাঁটাই বন্ধসহ শ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান জানানো হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান বলেন, “৭/৮টা পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।