দুস্থদের চাল ভাইস চেয়ারম্যানের বাসায়, নেওয়া হলো গুদামে
দরিদ্রদের মাঝে বিতরণের দুই টন চাল চাঁদপুর সদরের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাসা থেকে উপজেলা গুদামে নিয়ে রাখা হয়েছে।
বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার তত্ত্বাবধানে প্রতিটি ৩০ কেজির ৬৭ বস্তা চাল ওই বাসা থেকে গুদামে নেওয়া হয়।
চালগুলো মঙ্গলবার চাঁদপুরের কেন্দ্রীয় খাদ্য গুদামে (সিএসডি) থেকে মহিলা ভাইস চেয়ারম্যান শহরের ট্রাকরোডে পালপাড়ায় তার নিজ বাসায় নিয়ে রাখেন।
তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ইউএনও জানান, সরকারি ত্রাণের চাল মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় নিয়ে রাখার বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থা জানতে পারে। এরপর ওই চালগুলো তার বাসা থেকে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা গিয়ে চালগুলো ট্রাকে উঠিয়ে উপজেলায় নেওয়ার প্রস্তুতি অবস্থায় পান।
চাঁদপুর সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি ত্রাণ কিংবা কোনো বরাদ্দের চাল নিজ বাড়িতে নিয়ে রাখার নিয়ম নেই। তাদের কাছে যত বরাদ্দ আসে সেগুলো সিএসডি থেকে সরাসরি পরিষদের গুদামে নিয়ে রাখেন। অনেক সময় সরাসরি বিতরণের এলাকায় নিয়ে তালিকাভুক্ত লোকজনদের হাতে তুলে দেন।
এ ব্যঅপারে মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদেরকে বলেন, জিআর বরাদ্দের চাল ইউনিয়নের গরীবদের মাঝে বিতরণের কথা।
“ইউনিয়ন পরিষদ এলাকায় যেহেতু চেয়ারম্যানরা বিতরণ করেন, আমি চিন্তা করেছি ইউনিয়নে না দিয়ে আমার বাসার আশপাশে শহরের লোকদের মাঝে দেব। সেই সুবিধার্থে বাসায় এনে রেখেছি।”
তিনি আরও বলেন, “এলাকায় আমার কিছু শত্রু আছে, তারা বিষয়টি ভিন্নভাবে উপস্থান করেছে, যার ফলে চালগুলো উপজেলা গোডাউনে নিয়ে যেতে বলেছে। সেই জন্য চালগুলো উপজেলা গোডাউনে নিয়ে যাওয়া হয়।”
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভিাবে ব্যবস্থা গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি তার তত্ত্বাবধানে চালগুলো ওই বাসা থেকে উদ্ধার করে উপজেলার গোডাউনে রাখার জন্য। তিনি গোডাউনে আনার ব্যবস্থা করেছেন। যদি গরীবদের দিতে হয় উপজেলা থেকেই দিতে হবে।”
ইউএনও কানিজ ফাতেমা বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানকে গরীব ও অসহায় লোকজনের মাঝে বিতরণের জন্য দুই টন চাল বরাদ্দ দেওয়া হয়। চালগুলো পরিষদ থেকেই বিতরণ করা হবে। কিছু চাল ভাইস চেয়ারম্যান দূর-দূরান্ত থেকে আসা লোকজনের কথা চিন্তা করে তার নিজ বাসায় নিয়ে রাখেন। বুধবার তার বাসা থেকে চালগুলো নিয়ে উপজেলা পরিষদে এনে রাখা হয়।
