২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ত্রাণ না পেয়ে সড়ক অবরোধ

কর্মহীন, দিনমজুর ও অতিদরিদ্র মানুষ খাদ্য সহায়তার দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 11:02 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোড়লপাড়া, কারিকরপাড়া ও হিন্দুপাড়ার বাসিন্দারা মহাসড়কের রথখোলায় অবরোধ করে বিক্ষোভ করলে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

দিগনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোড়লপাড়ার বাসিন্দা রেজাউল মোড়ল জানান, তাদের  ওয়ার্ডের ৩টি পাড়ায় ৮শ’ পরিবারের বাস। এরমধ্যে ৩শ’ দিনমজুর ও হাকার পরিবার রয়েছে।

“সরকার গত ২৬ মার্চ থেকে সব বন্ধ করে দিয়েছে। আয় বন্ধ হয়ে গেছে। এখন আমরা বেকার হয়ে পড়েছি। আমাদের বাড়িতে খাবার নেই।”

ওই প্রতিবেশী আবু কালাম মোড়ল বলেন, “আমরা এখনো কোনো সরকারি বা বেসরকারি খাদ্য সহায়তা পাইনি। পরিবার পরিজন নিয়ে বড় কষ্টে আছি।

“আমরা স্থানীয় পলিটিক্সের শিকার, তাই খাদ্য সহায়তা পাইনি।”

তাদের মত ৪নং ওয়ার্ডের মানুষও ত্রাণ বঞ্চিত বলে জানান তিনি।

“তাই করোনার মৃত্যুর ভয় উপেক্ষা করে পেটের জ্বালায় রাস্তায় নেমেছি।”

এ অবরোধ প্রসঙ্গে দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী বলেন, “ঘরে তাদের খাবার নেই, তাই খাবারের দাবিতে তারা কিছু সময় সড়ক অবরোধ করেছে।

“আমি তাদের খাদ্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।”

ওই ওয়ার্ডে ৮শ’ পবিবার বসবাস করে জানিয়ে তিনি বলেন, “সেখানে আমরা ৬০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। বাকি সব পরিবারকে আমরা খাদ্যের ব্যবস্থা করব।”

খাবারের দাবিতে অবরোধ করলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ আলী ও সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম টুটুল বিক্ষুব্ধ এলাকাবাসীর সাথে কথা বলেন। তাদের খাদ্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পর তারা দুপুর ১২টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন।