গাজীপুরে এসআই আক্রান্ত, ১৫ পুলিশ হোম কোয়ারেন্টিনে
গাজীপুরে এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সোমবার বিকালে ওই পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানান।
তিনি বলেন, “করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে রোববার ওই এসআইয়ের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষায় তার মধ্যে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এরপর তার সংস্পর্শে আসা ওসি ও ইন্সপেক্টরসহ গাছা থানার ১৫ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, “ওই পুলিশ সদস্য যে বাসায় থাকেন ওই বাসার মালিক, তার স্ত্রী ও ১৪ বছর বয়সের এক মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত। বাসটি লকডাউন করা হয়েছে।”
