বরিশালে নার্সসহ আক্রান্ত ৩, স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ
বরিশালে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মচারী সহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় লকডাউন করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।
বাবুগঞ্জ উপজেলায় এ ঘটনায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সব চিকিৎসক, নার্স ও কর্মচারীদের।
এনিয়ে বরিশাল জেলায় করোনাভাইরাস রোগী শনাক্ত হলো ছয়জন। এদের মধ্যে গৌরনদী, বাকেরগঞ্জ ও মেহেন্দিগজ্ঞ উপজেলার একজন করে বাসিন্দা রয়েছেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ জানান, এক নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন স্বাস্থ্য কমপ্লেক্সে। তার সংস্পর্শে আসায় এক নার্স ও এক কর্মচারীর শরীরেও উপসর্গ দেখা দেয়।
রোববার তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার বিকালে তারা করোনা পজেটিভ বলে ল্যাব থেকে জানানো হয়।
“ওই নার্স ও কর্মচারী শারীরিকভাবে সুস্থ থাকায়, তাদের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আক্রান্ত নারীকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।”
