২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘জুয়ার আসরে বাধা’ দেওয়ায় সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ সদর উপজেলায় জুয়ার আসরে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তির প্রাণ গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 04:48 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

সদর থানার ওসি মো. মনিরুল ইাসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামের পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আজর ফকির (৫০) বনগ্রাম পশ্চিমপাড়ার হামেদ ফকিরের ছেলে।

এ ঘটনায় গোপালগঞ্জ ওসি মনিরুল ইসলাম ও নয় পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই পুলিশ কনস্টেবলসহ দশজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।   

এলাকাবাসী জানায়, বনগ্রাম বিলের মধ্যে মাসুম মোল্লার পুকুরপাড়ে বনগ্রাম মধ্যপাড়ার কয়েকজন যুবক জুয়ার আসর বসিয়েছে। সেখানে জেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে ‘লাখ লাখ’ টাকার জুয়া খেলে। রোববার বিকালে পশ্চিমপাড়ার  কয়েকজন যুবক জুয়ার আসর বন্ধ করতে বলে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে জুয়ার আসরে উপস্থিত জুয়াড়ি ও জুয়ার আসরের আয়োজকদের পশ্চিমপাড়ার লোকজন লাঞ্ছিত করে। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও  ঘটে। এতে দুই পাড়ার মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে সকালে পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আজর ফকির ঘটনাস্থলেই মারা যান।

ওসি মনিরুল বলেন, “দুই পক্ষের ইটপাটকেলের আঘাতে আমিসহ থানার দশ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ ঠেকাতে ১৮ থেকে ২০ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, “জুয়াখেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। এ ব্যাপরে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। ”