১০ টাকার চালের ‘কার্ড বাণিজ্য’, নবাবগঞ্জে ইউপি সদস্য আটক
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দশ টাকার চাল ও প্রতিবন্ধীসহ অন্যান্য কার্ডের নামে বাণিজ্য করার অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন মনজু জানান, শনিবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত মো. সেকান্দার (৬০) ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উত্তর বাহরা গ্রামের বাসিন্দা।
ইউএনও সালাউদ্দিন মনজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে চালের কার্ড দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে ৫শ টাকা, প্রতিবন্ধীসহ অন্যান্য কার্ডের জন্য দেড় থেকে ২ হাজার টাকা নিচ্ছেন বলে ১নং ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবার সেকান্দারের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
তিনি জানান, টাকা দিতে না পারলে কার্ড না দেওয়াসহ এলাকায় বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দূর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান ইউএনও সালাউদ্দিন মনজু।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছে। এখনও মামলা দায়ের হয়নি। তবে মামলা হবে বলে জানতে পেরেছি।
মামলা হলে আটককৃতকে প্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
