সুনামগঞ্জ অবরুদ্ধ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রোববার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা শেষে সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর আহাদ।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, সুনামগঞ্জে একজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে, তাই এখন থেকে সুনামগঞ্জ থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে কেউ সুনামগঞ্জে প্রবেশ করতে পারবেন না। এক উপজেলা থেকে আরেক উপজেলায় যাতায়াত করা যাবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ডিসি বলেন, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে।
“জনস্বার্থে জারিকৃত এ আদেশ রোববার থেকে কার্যকর হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌর মেয়র নাদের বখত উপস্থিত ছিলেন।
