যশোরে স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত
যশোরে এক ইউনিয়ন স্বাস্থ্য কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি করোনা আক্রান্ত বলে জানতে পারেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারাণী দেবনাথ।
শুভ্রারাণী দেবনাথ জানান, গত ৮ এপ্রিল যশোরের মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ৩২ বছরের এ কর্মীর নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়।
তিনি আরও জানান, এর আগে গত ৬ এপ্রিল ওই ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসক অনুপ কুমারের কাছে যান। তার উপসর্গ দেখে ওই চিকিৎসক নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো ব্যবস্থা করেন।
যশোরের করোনাভাইরাস প্রতিরোধ জেলা মনিটরিং সেল ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) ডা. মাহমুদুল হাসান বলেন, “খুলনায় তার নমুনা দুইবার পরীক্ষা করা হয়। দুইবারই একই ফল আসে।”
তিনি জানান, আক্রান্ত ব্যক্তি থাকতেন মণিরামপুর পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে। তার বাড়ি উপজেলার হাজরাকটি গ্রামে এবং তার শ্বশুরবাড়ি একই উপজেলার মজগুন্নি গ্রামে।
“ইতোমধ্যে জেলা ও উপজেলার শীর্ষ কর্মকর্তারা তার যাতায়াত ও অবস্থান নির্ণয় করছেন। এরপর লকডাউন বা কোয়ারেন্টিনের বিষয়ে স্দ্ধিান্ত নেওয়া হবে।”
এই কর্মকর্তা আরও জানান, আক্রান্ত ব্যক্তি কর্তব্যরত চিকিৎসক দলকে জানিয়েছেন-তার এলাকায় সম্প্রতি নারায়নগঞ্জ থেকে কিছু লোক এসেছেন। তবে এ বিষয়ে এখন নিশ্চিত হওয়া যায়নি কীভাবে তার শরীরে করোনাভাইরাস সংক্রমিত হল।
