২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যাত্রীবাহী যানবাহন ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা

নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে রংপুর জেলায় সব ধরনের যানবাহন ঢোকা ও বেরোনো বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 09:13 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

শুক্রবার বিকেলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া আগের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে কোভিড-১৯ রোগের বিস্তার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন চলাচলে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়।

তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও মালবাহী গাড়ি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এই আদেশ বাস্তবায়ন করতে জেলার সব প্রবেশ ও বহির্গমন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর চেক পোস্ট থাকবে। একই সাথে জরুরি প্রয়োজনে চলাচলকারী রিকশায় একজন যাত্রী ও মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, “দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর  ওই সব জেলা থেকে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছে মানুষজন। এই পরিপ্রেক্ষিতে রংপুর জেলাকে করোনাভাইরাসের ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে সকল ধরনের যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে রংপুর মহানগরের পাড়ায় পাড়ায় নিজ থেকে লকডাউন করে রেখেছন এলাকার মানুষ। কেউ বাঁশ আবার কেউ বা গাছের ডাল দিয়ে নগরীর প্রতিটি পাড়ার রাস্তা বন্ধ করে দিয়েছে।

নগরীর শালবন মিস্ত্রিপাড়ার জাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরের লোকজন যাতে এলাকায় আসা-যাওয়া করতে না পারে সেই কারণে আমরা নিজে থেকেই আমাদের এলাকা লকডাউন করছি।”