ঝিনাইদহে সীমান্তের ওপারে ‘বাংলাদেশির’ লাশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তের ভারতীয় এলাকা থেকে এক বাংলাদেশির লাশ বিএসএফ নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
মৃত আমির হোসেন বাংলদেশি বলে স্থানীয়রা জানালেও তা নিশ্চিত করতে পারেনি বিজিবি।
আমির মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের টাঙ্গাইল পাড়ার বেলালা হোসেনের ছেলে।
ওই ব্যক্তির ভগ্নিপতি মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার খন্দকার আব্দুল করিম বলেন, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে কয়েকজন গরু আনতে ‘অবৈধভাবে’ সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। এ সময় নদীয়া জেলার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ টহল দলের তাড়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও আমির ধরা পড়ে।
“সেখানে আমিরের চিৎকার শোনা যাচ্ছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় এলাকায় তেঁতুলে ঘাটের ইছামতি নদী থেকে বিএসএফ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।”
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির খালিশপুর-৫৮ ভ্রাটলিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল কামরুল আহসান বলেন, “শ্যামকুড় সীমান্তের ভারতীয় এলাকা থেকে বিএসএফ একটি লাশ নিয়ে গেছে বলে আমরা শুনেছি। তবে সে বাংলাদেশি কিনা তা বলতে পারবো না। ”
