মুন্সীগঞ্জে ১০ জন আক্রান্ত, হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ
মুন্সীগঞ্জে দুই নারীসহ ১০ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর দুটি গ্রাম ও ৯৩টি বাড়ি অবরুদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
আক্রান্তদের মধ্যে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) থাকায় ওই হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন।
শনিবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৭ এপ্রিল ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। শুক্রবার রাতে ঢাকা থেকৈ জানানো হয়, সাতজনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।
ফাইল ছবি
তিনি বলেন, “এদের কয়েকজনের নারায়ণগঞ্জের লিংক পাওয়া যাচ্ছে। টঙ্গীবাড়ির একজরের মীরপুর থেকে সংক্রমিত হওয়ার তথ্য আছে।”
নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৭৫ জন করোনাভেইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আটজন। নারায়ণগঞ্জ থেকে অন্য জেলায় যাওয়া মানুষের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে।
এ কারণে নারায়ণগঞ্জকে বলা হচ্ছে করোনাভাইরাস প্রাদুর্ভাবের ‘নতুন এপিসেন্টার’। পুরো জেলা ইতোমধ্যে অবরুদ্ধ করে ফেলা হয়েছে।
এদিকে ঢাকা থেকে নমুনা পরীক্ষার ফলাফল আসার পর শুক্রবার মধ্যরাতেই মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর ও টঙ্গীবাড়ির উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের ‘জরুরি নির্দেশনা দেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন।
আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং সিরাজদিখানের দুই নারী রয়েছেন। আটজন পুরুষের মধ্যে গজারিয়ার তিনজন। তাদের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং অন্য দুজন স্থানীয় এক গ্রামের বাসিন্দা। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলার চারজন এবং শ্রীনগর উপজেলার একজনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদি জানান, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত ওই চিকিৎসকসহ তিনজনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেওয়ার পাশাপাশি দুই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (সেকমো) বাসা এবং লক্ষীপুরা গ্রাম ‘লকডাউন’ করা হয়েছে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের অধিকাংশ ডাক্তার হোম কোয়ারেন্টিনে চলে যাওয়ায় স্বাস্থ্যসেবা পরিচালিত হচ্ছে সীমিত আকারে।
টঙ্গীবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার বলেন, তার উপজেলায় ৩৫টি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে বাড়িতেই আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
সদরের উপজেলায় আক্রান্ত নারীর বাড়িসহ আশপাশের ২০ বাড়ি অবরুদ্ধ করা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, “ওই নারীকে তার বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।”
সিরাজদিখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, সেখানে আক্রান্তের বাড়িসহ আশপাশের ২৬ বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। আক্রান্ত নারী আপাতত বাড়িতেই আছেন।
শ্রীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা আক্তার জানান, ফৈনপুর গ্রামটি এখন ‘সম্পূর্ণ লকডাউনে’। আইইডিসিআর জানিয়েছে, রোগীকে তারা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করবে।
