ঠাকুরগাঁওয়ে চলাচল সীমিত হলো
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে ঠাকুরগাঁও জেলায় মানুষজনের চলাচল সীমিত করল জেলা প্রশাসন।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম নিজের ফেইসবুক পেইজে ঠাকুরগাঁওবাসীর উদ্দেশে এক পোস্টে একথা বলেন।
জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়। সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো জানিয়ে কে এম কামরুজ্জামান সেলিম বলেন, অন্য জেলা থেকে কেউ ঠাকুরগাঁওয়ে প্রবেশ করতে পারবে না। এছাড়াও জেলা শহরের সাথে উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশনা বলবৎ থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন, বিকাল ৫টার পর পুরো ঠাকুরগাঁও জেলায় ওষুধের দোকান ব্যতিত সকল ধরনের দোকানপাট ও বাজার বন্ধ থাকবে। পাশাপাশি সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। শুধু জরুরি সেবা ও পরিসেবামূলক খাদ্য, জ্বালানি, কৃষি সামগ্রী পরিবহন, অ্যাম্বুল্যান্স ইত্যাদি এ নির্দেশনার বাইরে থাকবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলায় বাইরের কোনো গণপরিবহন যেন ঠাকুরগাঁওয়ে প্রবেশ করতে না পারে সেজন্য প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। কেউ যদি গোপনে ঠাকুরগাঁওয়ে প্রবেশের চেষ্টা করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্দেশনা চলমান থাকবে।
