২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে জ্বর-শ্বাসকষ্টে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে ফিরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নরসিংদীতে এক অন্তঃসত্ত্বা গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2020, 05:31 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

৩০ বছর বয়সী ওই নারীর বাড়ি সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার তিনি মারা যান।

সিভিল সর্জন মো. ইব্রাহিম টিটন বলেন, অন্তঃসত্ত্বা ওই নারী বুধবার রাতে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরেন। পরদিন সকালে তার ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়।

“পরে তাকে একটি নৌকায় করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করার পর নিজ এলাকায় দাফন করা হয়েছে বলে জানান তিনি।  

ওই নারীর বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।