২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ‘প্রতারকের’ ভেজাল বিরোধী অভিযান, অতঃপর আটক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শঙ্কার মধ্যে পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা পরিচয়ে ভেজাল বিরোধী অভিযান চালাতে গিয়ে ধরা পড়েছে এক ‘প্রতারক।’

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2020, 05:21 PM

Updated : 18 Aug 2022, 02:45 PM

সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক মামুন ইসলাম (৩০) জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারি গ্রামের শাহজাহান আলীর ছেলে।

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানান, সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের বড় কর্মকর্তা পরিচয়ে মামুন একাই উপজেলার টেপ্রিগঞ্জ বাজারে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছিলেন।

“এ সময় তিনি কয়েকটি খাবার হোটেন ও মুদি দোকানে দুই হাজার টাকা করে জরিমানা এবং জরিমানার টাকা নিয়ে সবাইকে এক জায়গায় জড়ো হওয়ার নির্দেশ দিলে স্থানীয়দের সন্দেহ হয়।”

এ সময় “স্থানীয়দের খবরে আমরা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে নিশ্চিত হই এই ব্যক্তি প্রতারণা করছে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।”

মামুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।