২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি সুলতানার পরিবারের দখলে থাকা জমি ফেরত

কুড়িগ্রামের সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সুলতানা পারভীনের স্বজনদের দখলে থাকা জমি আদালতের নির্দেশে বুঝে পেলেন প্রকৃত মালিকরা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 12:01 AM

Updated : 18 Aug 2022, 02:43 PM

বুধবার সদর উপজেলার জিয়াবাড়ি এলাকায় জেলা জজ আদালতের নাজির তমিজ উদ্দিনসহ পুলিশ ওই জমিতে গিয়ে ঢোল পিটিয়ে লাল পতাকা তুলে জমির মালিক আমিরুল ইসলামসহ কয়েকজনকে দখল বুঝিয়ে দেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনধিসহ বিভিন্ন স্তরের মানুষ সেখানে জড়ো হন। তবে জমি দখলে রাখা সুলতানা পারভীনের স্বজনদের কেউই সেখানে উপস্থিত ছিলেন না।

সস্প্রতি এক সাংবাদিককে গভীর ররাতে তুলে নিয়ে মারধর করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় কুড়িগামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়েছে।  

জমির মালিক আমিরুল ইসলাম জানান, ওয়ারিশ সূত্রে তারা তিন ভাই ও দুই বোন প্রায় ১১ বিঘা জমির মালিক হন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের একই খতিয়ানের অংশীদার ইশার উদ্দিন ও তার স্বজনরাসহ সুলতানা পারভীনের বাবা মোহাম্মদ আলী ও তার ওয়ারিশরা জোরপূর্বক ভোগদখল করছিলেন।

এজন্য ২০০৬ সালে তারা পঞ্চগড় সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা করেন বলে জানান আমিরুল।

আমিরুল বলেন, তারা ২০১০ সালে মামলার রায় পেলে বিবাদীপক্ষ জেলা জজ আদালতে আপিল করে। সেখানে তাদের আপিলটি খারিজ হয়ে গেলে তারা উচ্চ আদালতে যান। ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি সেখানেও তাদের আবেদন খারিজ হয়।

“পরবর্তীতে এ বছরের ১২ মার্চ  আবার মামলাটি জেলা জজ আদালতের তেঁতুলিয়া সহকারী জজ আদালত সর্বশেষ রায় চূড়ান্ত করে বাদীকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।”

জেলা জজ আদালতের নাজির তমিজ উদ্দীন জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে আদালতের নির্দেশে জমি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মোহাম্মদ আলীর ছেলে ও সুলতানা পারভীনের ভাই ফারুক হোসেন বলেন, এই জমি তার বাবা ১৯৭৩ থেকে ১৯৭৪ সালে ক্রয় করেন। সেই সুত্রে তারা মালিক। এখানে প্রায় ৭ বিঘা তাদের দখলে এবং এক বিঘার মত তার চাচার দখলে ছিল। এছাড়া অন্যান্য লোকজনের কাছেও আছে।

“মামলা চলাকালে আমাদের কিছু কাগজ পাওয়া যায়নি বলে তারা রায় পেয়েছে। তবে ওই খতিয়ানের অন্য অংশীরা আবার বাটোয়ারা মামলা করার প্রস্তুতি নিচ্ছন।”