২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহরণের’ দুই দিন পর গাজীপুরে ছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুই দিন পর রাজধানীর হাজারীবাগের এক মাদ্রাসাছাত্রের মরদেহ গাজীপুরে পাওয়া গেছে, যাকে অপহরণ করা হয়েছিল বলে স্বজনরা জানান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 10:20 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

শনিবার গাজীপুর নগরীর মিরেরগাঁও থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান।

নিহত মো. ইব্রাহিম (১০) রাজধানীর হাজারীবগের মনির হোসেনের ছেলে এবং ওই এলাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র।

গাজীপুর সদর থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, সকালে মিরেরগাঁওয়ে রেল লাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“ধারণা করা হচ্ছে অপহরণের পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।”

নিহতের বাবা মনির হোসেনের উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার (৫ মার্চ) হাজারীবাগ থেকে ইব্রাহিম নিখোঁজ হয়। ওইদিন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি বলেন, পরে অপহরণকারীরা মোবাইলে ফোনের মাধ্যমে তার কাছে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। উপায়ান্তর না দেখে তিনি বিকাশের মাধ্যমে দশ হাজার টাকা অপহরণকারীদের দেন; কিন্তু তারপরও ছেলের সন্ধান পাননি।