২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

পঞ্চগড়ে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 11:34 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার জগদল বাজার এলাকায় এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ময়ুরী আক্তার (১৬) তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ভুট্রুজোত-পাঠানপাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে এবং দেবনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল এবং রাজিউল ইসলাম (৫) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ গ্রামের মানিক হোসেনের ছেলে।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাস আহমদ জানান, সন্ধ্যায় বাড়ি থেকে স্কুলব্যাগ কিনতে তার দুলাভাইয়ের মোটরসাইকেলে পঞ্চগড় শহরে আসছিল ময়ুরী।

“পথে সাড়ে ৭টার দিকে জগদল বাজার এলাকায় একটি বালু বোঝাই ট্রাককে অতিক্রম করতে গিয়ে ওই স্কুল ছাত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া বিকালে শিশু রাজিউল ইসলাম বাড়ির সামনের সড়কে বাইসাইকেলের টায়ার নিয়ে খেলার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

“পরে পরিবারের লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ দুই দুর্ঘটনায় দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।