বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নারীদের পদযাত্রা
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বাগেরহাটে নারীদের পদযাত্রার আয়োজন করেছে একটি সংগঠন।
বৃহস্পতিবার বিকালে নারীদের মিষ্টিমুখ করিয়ে পদযাত্রার উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক দেবপ্রসাদ পাল।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘নারী উন্নয়ন ফোরাম’ এই পদযাত্রার আয়োজন করে।
পদযাত্রা শুরুর আগে বিকাল ৩টায় খুলনা-বাগেরহাট মহাসড়কে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পদযাত্রা মাজার মোড়ে গিয়ে শেষ হয়। অর্ধশতাধিক নারী ওই পদযাত্রায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার প্রদীপ কুমার বকসী।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রাখালগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শামীম আচনু।
উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, “আমাদের অসচেতনতার কারণে শরীরে নানা রোগ ব্যাধি বাসা বাঁধছে। রোগমুক্ত থাকতে সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগ প্রশংসনীয়।”
পদযাত্রায় অংশগ্রহণ করা নারীরা প্রায় দশ কিলোমিটার পথ হেঁটেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা পায়ে হাঁটায় সেরা দশ নারীকে পুরস্কৃত করেছি। তাদের এই উদ্যোগের ফলে মানুষের ভেতরে স্বাস্থ্য সচেতনতা বাড়বে সেই প্রত্যাশা করছি।”
আয়োজক নারী উন্নয়ন ফোরামের নেত্রী ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। আমরা পরিশ্রমের কাজ করি না বললেই চলে; যার কারণে নানা রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধছে। তাই আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে।”
দিনের কোনো এক সময় হাঁটার অভ্যাস করার আহ্বান জানান তিনি।
১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তাই রাষ্ট্রীয়ভাবে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
