জামালপুরে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে আটক ৬
জামালপুরে রেললাইনের স্লিপারের ক্লিপ চুরির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে শতাধিক ক্লিপ।
জামালপুর জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, বৃহস্পতিবার সকালে পিয়ারপুর স্টেশনের কাছে দুই ব্যক্তি রেললাইনের স্লিপারের ক্লিপ তুলছিলেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আরও চারজনকে আটক করে পুলিশ।
অটককৃতরা হলেন নকলা পৌরসভার পশ্চিম কায়দা গ্রামের শুক্কুর আলীর ছেলে আলভার আসিফ (১৫), বাদশা মিয়ার ছেলে মামুন (১৬), গড়ের পাড় গ্রামের ছামিদুলের ছেলে শহিদুল ইসলাম (১৫), চান মিয়ার ছেলে মোস্তাফিজ চঞ্চল (৪০), পুর্শবাধাপুরের সফিকুলের ছেলে শাহারুল শাহান (১৫), ও জালালপুর গ্রামের রজব আলীর ছেলে হয়রত আলী (৭০)।
ওসি তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতদের মধ্যে হয়রত আলী ও মোস্তাফিজ চঞ্চল ভাঙ্গারি কেনাবেচা করেন। তাদের কাছ থেকে শতাধিক ক্লিপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রেল আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
