২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

টঙ্গীতে ইজতেমায় যাওয়ার পথে দুই বাসের চাপায় মাথা থেঁতলে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 05:21 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

টঙ্গীর কলেজ গেইট এলাকায় শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার এসআই আবুল কাশেম জানান।

নিহত মাজহারুল ইসলাম (১৬) গাজীপুর মহানগরীর গাছা এলাকার বড় পীর আব্দুল কাদের জিলানী নুরিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং নিহত নেত্রকোণা জেলার পূর্বধলা থানার বিলজুরা গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

এসআই বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে মাদ্রাসার দুই সহপাঠীর সঙ্গে অনাবিল পরিবহনের বাসে করে ইজতেমা ময়দানের উদ্দেশ্যে যাচ্ছিলেন মাজহারুল। পথে অনাবিল পরিবহনের অপর একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়।

“এ সময় মাজহারুল বাসের জানালা দিয়ে মাথা বের করে বমি করছিলেন। ধাক্কা দেওয়ার পর বাসটি পেছন দিক থেকে অনাবিল পরিবহনের বাসটি পাশ কাটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই বাসের চাপায় মাথা থেঁতলে যায় মাজহারুলের।”

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মাজহারুলকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।  

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন বলেন, পুলিশ বাস দুটি আটক এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছে।