২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুই কিশোরকে মারধরের মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে ইউনিয়ন পরিষদ সদস্যের সামনে মারধরের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2020, 06:45 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন ওই মহল্লার আব্দুল কাদেরের ছেলে রবিন মিয়া ও একই এলাকার শফিকুর রহমানের ছেলে ইউনুছ আলী।

তবে মামলার প্রধান আসামি কুতুবপুর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত বছর ১২ ডিসেম্বর শাহী মহল্লা এলাকা থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির একটি ছাগল চুরি হয়। এ ঘটনায় ৩১ ডিসেম্বর মুসলিমপাড়া এলাকার দুই কিশোরকে ধরে আনা হয় আলাউদ্দিনের কাছে।

সেখানে আলাউদ্দিনের সামনেই দুই কিশোরকে লাঠি দিয়ে পেটান দুই যুবক।

ওসি আসলাম বলেন, শুক্রবার নির্যাতিত এক কিশোরের মা মামলা করলে রাতেই অভিযান চালিয়ে রবিন ও ইউনুছকে গ্রেপ্তার করা হয়।

এদিকে প্রধান আসামি আলাউদ্দিন এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে গ্রেপ্তার করছে না বলে মামলার বাদী অভিযোগ করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আসলাম হোসেন।

তিনি বলেন, আলাউদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজছে। তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এ কথাটা সঠিক নয়।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ‘ছাগল চুরি’: দুই কিশোরকে ইউপি সদস্যের সামনে মারধর