২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রী ধর্ষণের দ্রুত বিচার চেয়েছেন রাবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 09:24 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়।

বিশ্ববিদ্যালয়ের ‘সন্ত্রাস ও নিপীড়ন বিরোধী ঐক্যর’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীসহ রাকসু আন্দোলন মঞ্চ, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার সংরক্ষণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোরশেদুল ইসলাম মানববন্ধনে ছিলেন।

বক্তারা বলেন, তাদের মেয়েরা, বোনেরা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না, এমনকি নিজের গ্রামেও নিরাপদ নয়। তাহলে তারা কোথায় যাবে? বর্তমান সময়ে কোনো বাবাই তার মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে স্বস্তিতে থাকতে পারে না।

তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের বিচার দাবি করেছেন।

ঢাকার কুর্মিটোলায় রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষিত হয়। খবর প্রকাশের পর ওই রাতেই তার সহপাঠীরা বিক্ষোভ শুরু করেন। সোমবার দিনভর চলে তাদের বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি।

মঙ্গলবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি হয়। তাতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।