সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বাস খালে, ১৪ ঘণ্টা পর লাশ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটায় সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বাস খালে পড়ার ১৪ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, উপজেলার শাকদহ খাল থেকে সোমবার রাত ২টার দিকে ওই সাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়।
নিহত আনিসুর রহিম বাবু (৪০) সাতক্ষীরা সদরের বাঘডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে।
ওসি বলেন, রোববার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস দ্রুতবেগে একটি বাইসাইকেল চালককে ধাক্কা দিয়ে পাটকেলঘাটা থানার শাকদহ ব্রিজের নিচে খালে পড়ে যায়।
“এ সময় বাসের নিচে চাপা পড়ে ওই সাইকেল আরোহী নিহত হন।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও সাইকেল চালকের বিষয়টি নজরে আসেনি।
“রোববার সন্ধ্যায় একটি সাইকেলটি উদ্ধারের পর তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করা হয়।”
ময়নাতদন্ত শেষে তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
