ভালুক ছানা বাঁচাতে গিয়ে আহত পার্ক কর্মী
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক ভালুকের হাত থেকে আরেক ভালুকের ছানাকে বাঁচাতে গিয়ে পড়ে এক কর্মকর্তা আহত হয়েছেন।
শনিবার এ ঘটনায় আহত ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমানকে স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, মাস খানেক আগে পার্কের ভালুক বেষ্টনীতে একটি ভালুকের দুইটি বাচ্চা হয়েছে। এরপর থেকে মা ভালুকটি শাবক দুটি নিয়ে বেষ্টনীর ভেতরে একটি গর্তে অবস্থান নেয়। বাইরে খুব একটা বের হয় না।
“শনিবার দুপুরে ওই গর্ত থেকে মা ভালুকের চোখ ফাঁকি দিয়ে অন্য একটি ভালুক একটি শাবক মুখে তুলে নিয়ে যায়।”
আনিসুর বলেন, এ সময় পার্কের কয়েকজন গাড়ি চালক দেখে পার্কের কর্মকর্তাদের খবর দেন। পরে তিনিসহ পার্কের কয়েকজন কর্মী ওই শাবকটিকে উদ্ধার করতে ভালুক বেষ্টনীতে যান।
“এ সময় ক্ষিপ্ত ভালুকটি উদ্ধারকর্মীদের দিকে তেড়ে আসলে আমরা দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে ডান হাতে আঘাত পাই।”
তবে বেষ্টনীর ভেতর রক্ত দেখে পার্কের কর্মীরা ধারণা করছেন পুরুষ ভালুকটি শাবকটিকে মেরে ফেলেছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, ভালুক সর্বভুক প্রাণী। শাবক জন্মের পর এদের দলের পুরুষ সদস্যরা সুযোগ পেলে শাবককে খেয়ে ফেলে বলে নজির আছে।
“শনিবার পুরুষ ভালুকটি যে বাচ্চাটি মুখে করে নিয়ে গেছে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। শাবকটি জীবিত আছে নাকি ভালুকটি মেরে ফেলেছে তা নিশ্চিত হওয়া যায়নি।”
বিষয়টি অনুসন্ধানে একটি টিম করা হয়েছে বলে তিনি জানান।
