লালমনিরহাটে ‘সরকারি গাছ কেটে’ যুবলীগ নেতা আটক
লালমনিরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মাহফুজ আলম জানান, শুক্রবার সকালে কাশীপুর এলাকা থেকে তারা তাকে আটক করেন।
আটক বাদশা মিয়া (৩৫) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি। ওই ইউনিয়নের গবাই গ্রামের আকবর মণ্ডলের ছেলে তিনি।
এলাকাবাসী জানান, বাদশা মিয়া অনুমোদন ছাড়াই কাশীপুর-লালমনিরহাট সড়কের পাশ থেকে পাঁচটি ইউক্যালিপটাস গাছ কাটেন। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির মোড়ল বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ প্রমাণিত হলে বাদশার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন তারা।
সরকারি গাছ কাটার অভিযোগে বাদশার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মাহফুজ।
