২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জামালপুরে কিশোরীকে গৃহকর্মীর কাজের কথা বলে বাড়ি নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2020, 09:29 PM

Updated : 18 Aug 2022, 02:15 PM

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সদর উপজেলার বাদেচান্দি এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কে গাছের গুঁড়ি ফেলে এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখিয়েছে।

সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক চান মিয়ার বিরুদ্ধে তারা এই ধর্ষণের অভিযোগ পেয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চাঁন মিয়া লক্ষ্মীরচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। কয়েক বছর আগে শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি এলাকায় বাড়ি করে সেখানে বাস করছেন।

কিশোরীর বাবার অভিযোগ, ঘরের কাজকর্ম করার জন্য চাঁন মিয়া তার মেয়েকে বুধবার নিয়ে যান।

“তারপর রাতে ধর্ষণ করেছে। সকালেও করেছে। হাত-পা ও মুখ বেঁধে এসব করেছে। বৃহস্পতিবার সকালে সে সেখান থেকে পালিয়ে চলে আসে।”

১৫ বছর বয়সী এই কিশোরীর অভিযোগ, “বুধবার রাত ১১টার দিকে হাত-পা বেঁধে ধর্ষণ করে চান মিয়া। সকালে আবার ধর্ষণ করে আড়াই হাজার টাকা দিয়ে বলে, ‘যা চাবি তাই দিমু। এই কতা কাউরে কইসনে।’ আমি চিৎকার করলে চড়-থাপড় দিয়ে আমার মুখ চেপে ধরে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।”

তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

ওসি সালেমুজ্জামান বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ওই কিশোরীকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিসহ চাঁন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।