২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘পাশের হার বাড়াতে’ শিক্ষার্থীদের নতুন পোশাক প্রদান

গোপালগঞ্জে এক স্কুলের ‘পাশের হার বাড়ানোর’ লক্ষ্যে শিক্ষার্থীসহ সবার মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2020, 07:57 PM

Updated : 18 Aug 2022, 02:15 PM

বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার হাজী খোরশেদ উচ্চ বিদ্যালয়ের ছয়শ শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে নতুন পোশাক তুলে দেন উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

গত বছর এ স্কুল থেকে এসএসসিতে ৯৫% এবং জেএসসিতে ৭৭% শিক্ষার্থী পাশ করে। এর হার আরও বৃদ্ধির আশায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মোহম্মদ কবির হোসেন ব্যক্তিগত তহবিল থেকে এসব পোশাক প্রদান করেন।

গোপালগঞ্জ পৌর শহর থেকে চার মাইল দূরের এ স্কুলের ৬০% শিক্ষার্থী কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবারের সন্তান উল্লেখ করে কবির হোসেন বলেন, “পাশের হার শতভাগে উন্নীতকরণ এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে প্রণোদনা হিসেবে এ বছর নতুন পোশাক দিয়েছি।

“শিক্ষা বিস্তার ও মানোন্নয়নে শিক্ষক, অবিভাভক ও ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে প্রয়োজনে আরো পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

এ স্কুলের প্রধান শিক্ষক বলেন, বছরের শুরুতে স্কুল ড্রেস তৈরিতে দেরি হয়। তাই শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি কম থাকে। এ বছর গাজী কবির হোসেন শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, কর্মচারীসহ ছয়শ শিক্ষার্থীকে নতুন পোশাক দিয়েছেন।

এতে এ বছর স্কুলের শিক্ষার পরিবেশের আরো উন্নতি হবে আশা করছেন তিনি।

স্কুলের শিক্ষার্থী সজল বাইন, সেলিম মোল্লা, সাদ্দাম হোসেন জানায়, নতুন বই ও নতুন পোশাক পেয়েছে তারা।

এতে তাদের স্কুলে উপস্থিত থাকার উৎসাহ বেড়েছে বলেও জানায় তারা।

তারা বলে, আরো ভাল রেজাল্ট, ক্রীড়া, সাংস্কৃতি ও সৃজনশীল কাজ করে স্কুলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকবে।

শত ভাগ শিশুকে শিক্ষার আওতায় আনার জন্য সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক, বৃত্তি প্রদান করে আসছে। অনেক স্কুলে মিড-ডে মিল চালু করাও হয়েছে।