২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শিশুদের সংবাদ তৈরির কর্মশালা

সংবাদ তৈরির কৌশল ও সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে শিশুদের দুই দিনের কর্মশালা শুরু হয়েছে কক্সবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কৃক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2019, 11:48 AM

Updated : 10 Oct 2022, 09:49 PM

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ‘বলব আমাদের কথা’ শ্লোগানে- কক্সবাজার প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে এ কর্মশালা শুরু হয়।

শুক্রবার বিকালে কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের সনদপত্র বিতরণের মধ্যদিয়ে দুইদিনের এ কর্মসূচী শেষ হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, “আমাদের জনসংখ্যার বড় একটা অংশ তথা শতকরা প্রায় ৪০ জনই শিশু। কিন্তু সে তুলনায় সংবাদমাধ্যমে শিশু বিষয়ক সংবাদের পরিমাণ অনেক কম।

“কিন্তু ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- শিশুদের সম্পৃক্ততকরণ কর্মসূচির মাধ্যমে এ অবস্থার পরিবর্তন আনতে সক্ষম হবে।”

কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের উদ্দ্যেশে আবু তাহের বলেন,“বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের -এ কার্যক্রম আগামী প্রজন্মকে সংবাদ মাধ্যম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টির পাশাপাশি এ মাধ্যমে তাদের দক্ষ, পেশাদার ও নৈতিকতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে।”

সাংবাদিক মোহাম্মদ জুনাইদের সভাপতিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কক্সবাজার জেলা প্রতিনিধি শংকর বড়ুয়া রুমির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক নুপা আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর কার্যক্রম সম্পর্কে উপস্থাপন ও প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান মিন্টু চৌধুরী।

এতে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

২০১২ সাল থেকে জাতিসংঘের শিশু তহবিল সংস্থা-ইউনিসেফের সহায়তায় চালু হয় শিশুদের নিয়ে সংবাদসেবার কার্যক্রম ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ’।