২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ পলিটেকনিকে ল্যাব বিস্ফোরণে আহত শিক্ষার্থীর মৃত্যু

মাসের শুরুতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে ল্যাবে বিস্ফোরণে আহত এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 01:14 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে তৌহিদুল ইসলাম নামের ওই ছাত্র মারা যান বলে জানান নওগাঁ সদর থানার ওসি মো. সোহরায়ার্দী হোসেন।

নিহত তৌহিদুল নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের আতাব আলী চৌধুরীর ছেলে।

গত পহেলা ডিসেম্বর বিকালে ওই প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে বিস্ফোরণ ঘটে। এতে সাত শিক্ষার্থী আহত হন।

নওগাঁয় পলিটেকনিকে রসায়ন ল্যাবে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী আহত  

আহতদের মধ্যে তৌহিদসহ তিন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছিল।

তৌহিদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ থেকে নওগাঁয় আনার কথা জানিয়ে তার বাবা আতাব আলী চৌধুরী বলেন, রোববার দুপুরে গনেশপুর গ্রামে জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে ওসি মো. সোহরায়ার্দী হোসেন জানান, ঢাকায় চিকিৎসাধীন অপর দুই শিক্ষার্থী শঙ্কামুক্ত। এছাড়া অন্য চার আহত কয়েক দিনের চিকিৎসা শেষে আগেই বাড়ি ফিরে গেছেন।