গোপালগঞ্জে শিক্ষার্থীকে ‘হয়রানি’, সহকারী প্রক্টরের পদ স্থগিত
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক বিদেশি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এক সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।
ওই সহকারী প্রক্টর হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুময়ূন কবির।
এছাড়া ওই আদেশে হুময়ূন কবিরকে এ ব্যাপারে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, গত ১৩ নভেম্বর হুমায়ূন কবিরের বিরুদ্ধে এক বিদেশি ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিব্রত বোধ করছে। বর্তমানে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল তদন্ত করছে। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের স্বার্থে তার সহকারী প্রক্টর পদটি স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নূরউদ্দিন আহমেদ বলেন, ভারপ্রাপ্ত উপাচার্যের অনুমোদনক্রমে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুময়ূন কবিরের সহকারী প্রক্টরের পদ স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে হুময়ূন কবির বলেন, “ওই শিক্ষার্থী আমার বিরদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট, ও ষড়যন্ত্রমূলক যৌন নিপীড়নের অভিযোগ করেছে।”
তিনি বলেন, গত ২১ সে্প্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন।
“এছাড়া আমরা ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ১২ পরীক্ষার্থী ও শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করি। এতে সাবেক ভিসিপন্থি কিছু শিক্ষক ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র করে ওই শিক্ষার্থীকে দিয়ে ফেক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেয়।”
প্রথমিক প্রতিকার হিসেবে তিনি গোপালগঞ্জ সদর থানায় একটি জিডি দায়ের করেছেন বলে জানান।
