কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে ৪ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।
কুষ্টিয়ার নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বুধবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার বটতৈল মধ্যপাড়া গ্রামের মোস্তফা প্রামানিকের ছেলে লখাই প্রামানিক ওরফে আজাদ (৫০), চৌড়হাস ফুলতলা গ্রামের আসাদুলের ছেলে শামীম হোসেন (৩২), কাথুলিয়া গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে চন্নু বিশ্বাস ও শফি মণ্ডলের ছেলে নজরুল।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় লাহরী ও নাজিম নামে দুইজনকে খালাস দিয়েছে আদালত।
ওই আদালতের পিপি সাইফুল ইসলাম বাপ্পী মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ২৮ মে বটতৈল দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে ওই গৃহবধূকে কৌশলে ডেকে নিয়ে পাটক্ষেতে দলবেধে ধর্ষণ করেন আসামিরা।
এ ঘটনায় সদর থানায় ওই গৃহবধূ নিজে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরই ৭ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি সাইফুল বলেন, চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবনসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুইজনকে খালাস দিয়েছে আদালত।
