২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুলবুল: পাঁচ জেলায় ৪ লাখ মানুষ বিদ্যুৎহীন

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে খুলনা বিভাগের পাঁচ জেলায় চার লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকো কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা প্রতিনিধি

শুভ্র শচিন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2019, 03:37 PM

Updated : 08 Apr 2022, 05:01 PM

ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন বলেন, খুলনা বিভাগের পাঁচ জেলায় ৩২টি ফিডারের আওতায় চার লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বুলবুলের আঘাতে। ৩২টি ফিডারের মধ্যে ১৫টি ইতোমধ্যেই চালুর উপযোগী হয়েছে। সন্ধ্যার মধ্যে বাকিগুলোর কাজ শেষ করার চেষ্টা চলছে।

বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে এবং ট্রান্সফরমার নষ্ট হয়ে এই বিপর্যয় দেখা দিয়েছে বলে তিনি জানান।

সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ স্থানে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে পানির তীব্র সংকট তৈরি হয়েছে। পানি-বিদ্যুৎ না থাকায় অনেক বাড়িতে রান্নাও চলছে না।

বিদ্যুৎ না থাকায় জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। তবে ইতোমধ্যেই শহরের হাসপাতালও সরকারি অফিসগুলোয় বিদুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, বাইতি পাড়া, তালতলা, মডার্ন ফার্নিচার মোড়, পিকচার প্যালেস মোড়, পিটিআই মোড়, সাতরাস্তার মোড়, শামসুর রহমান রোড, আহসান আহমেদ রোড, দোলখোলা, নিরালা, বাগমারা, মিস্ত্রিপাড়া, ময়লাপোতা, শিববাড়ি মোড়, বড় বাজার, মির্জাপুর রোড, খানজাহান আলী রোড, খালিশপুর মেঘার মোড়, দৌলতপুর, নতুনবাজার, পশ্চিম রূপসা, রূপসা স্ট্যান্ড রোড, সাউথ সেন্ট্রাল রোড, বাবুখান রোড, লবণচরা বান্দা বাজার এলাকায় রাস্তায় জলাবদ্ধতা দেখা গেছে।

অনেক এলাকায় বাড়ি নিচতলায় পানি জমেছে। অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে। নিম্নাঞ্চলের বস্তিগুলোতে দেখা গেছে হাঁটুপানি।