২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুর্ণিঝড়ে চাঁদপুরে শীতকালীন সবজি ও আমনের ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে চাঁদপুরে শীতকালীন সবজি ও আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

আল ইমরান শোভন

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 08:58 PM

Updated : 10 Oct 2022, 09:38 PM

শনি ও রোববার দুই দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ফসলের এ ক্ষতি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরেজমিনে রোববার চাঁদপুর সদর উপজেলার গাছতলা এলাকায় দেখা যায়, জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি নষ্ট হয়ে গেছে।

লালশাক, পালংশাক, খিড়া, বেগুন, মুলাসহ বিভিন্ন গাছ বাতাসের তোড়ে কাঁত হয়ে জমিতে পড়ে রয়েছে।

এছাড়া গত দুই দিন ধরে বৃষ্টির কারণে শীতকালীন সবজি ও আমন ফসলের জমিতে পানি জমে আছে।

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. কবির হোসেন জানান, ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে জেলায় শীতকালীন সবজি ও আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

“তবে এর সঠিক পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।”

এবার জেলায় ৫ হাজার ২শ’ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা উল্লেখ করে তিনি বলেন, কিন্তু দুই দিনের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে।

“এছাড়া এবার ৪ হাজার ৭০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, বৃষ্টিতে ২শ’ ৫০ হেক্টর জমির সরিষা নষ্ট হয়েছে।”

তিনি আরো জানান, এবার জেলায় ২৫ হাজার ৯শ’ ৭৫ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ঝড়ের কারণে আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে।

গাছতলা এলাকায় ‘পাঁচ একর জমিতে’ শীতকালীন ফসল চাষ করা কৃষক মো. মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, “গত দুই দিন যাবত ঘূর্ণিঝড় বুলবুল-এর কারণে আমার সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। অনেক গাছ মাটির সাথে মিশে গেছে। গাছের গোড়ায় পানি জমে ও বাতাসে ডালপালা ভেঙে গেছে।”

শীতকালীন ফসল আবাদ করতে গিয়ে তিনি এবার এক লাখ টাকা ব্যয় করেন বলে জানান মনিরুজ্জামান।

গত দুই দিনের বৃষ্টিতে ফসলের ক্ষতি প্রসঙ্গে ওই এলাকার কৃষক রফিকুল ইসলাম পাটওয়ারী ও বিল্লাল হোসেন জানান, শীতকালীন সবজি ছাড়াও আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে জমিতে পানি জমে আমন ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শোয়েব জানান, ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে রোববার বিকেল পৌনে ৪টায় চাঁদপুরের উপর দমকা হাওয়া বয়ে যায়। যার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩.৮৪ কিলোমিটার।

চাঁদপুর জেলায় ‘শনিবার ১৯ মিলিমিটার ও রোববার ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত’ রেকর্ড করা হয়েছে।