কাশিমপুর কারাগারে যাবজ্জীবন প্রাপ্ত কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সমেজ উদ্দিন (৫২) নামে এই কয়েদি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সমেজ টাঙ্গাইলের ঘাটাইল থানার সালেঙ্গা এলাকার শাহের আলীর ছেলে।
জেলার বিকাশ বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ায় সমেজকে ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার সকালে আবার তিনি অসুস্থ হন। তাকে দ্রুত ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, সমেজ উদ্দিনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় তিনি মারা যান।
টাঙ্গাইলের বেলকুচি থানায় ২০১০ সালের একটি হত্যা মামলায় সমেজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত। পরে তাকে গাজীপুরের এই কারাগারে পাঠানে হয় বলে জানান জেলার বিকাশ রাহান।
