২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা শুরু শুক্রবার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা শুরু হবে শুক্রবার।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 06:12 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, এফ এবং জি ইউনিটে ১ নভেম্বর, ডি এবং ই ইউনিটে ২ নভেম্বর, সি এবং এইচ ইউনিটে ৮ নভেম্বর, এ, বি এবং আই ইউনিটের ৯ নভেম্বর এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর মোট নয়টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগের ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে জানিয়ে তিনি বলেন, এসব আসনের জন্য মোট ১ লাখ ৩১ হাজার ১১২ শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৪৮ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ছোট পরিসরে এত বেশি শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত হল না থাকায় একাডেমিক ভবনে ত্রিপল টানিয়ে এবং বিভিন্ন বিভাগের বারান্দায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম।

তিনি বলেন, কেন্দ্রগুলো পরীক্ষার উপযোগী করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অন্যদিকে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সেবাকেন্দ্র চালু থাকবে।