নিখোঁজের দুদিন পর পাওয়া গেল মাটিচাপা লাশ
পিরোজপুরে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে এক যুবকের মাটিচাপা লাশেউদ্ধার করেছে পুলিশ।
রোববার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর ইকর বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সাগর মুন্সির লাশ পাওয়া যায় বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান।
নিহত সাগর মুন্সি (২১) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সুতালরি গ্রামের আমজাদ মুন্সির ছেলে।
এ ঘটনায় পুলিশ ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের পূর্ব বাড়ৈখালী গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে আজাদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে। আজাদ মোল্লা নিহত সাগর মুন্সির আপন খালাত ভাই।
সাগরের শাশুড়ি ফাহিমা বেগম বলেন, সাগরের সঙ্গে তার খালাত ভাই চড়িচর ইকরবুনিয়া গ্রামের স্বপন সিকদারের ছেলে লাভলু সিকদারের বিরোধ ছিল। এর জেরে কয়েক মাস আগে লাভলু একবার সাগরের উপর হামলা করেন।
“গত শুক্রবার সাগর দড়িচর ইকর বুনিয়া গ্রামে লাভলুর বাড়ির কাছে একটি কাজে গেলে লাভলু তার উপর হামলা চালায়। সেখান থেকে উঠিয়ে সাগরকে পরে লাভলু তার বাড়িতে নিয়ে যায়। এরপর থেকে সাগর নিখোঁজ থাকে।”
এ নিখোঁজের বিষয়ে সাগরের শাশুড়ি ফাহিমা বেগম শনিবার ইন্দুরকানী থানায় একটি জিডি করেছিলেন।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান বলেন, আটক আজাদ মোল্লার দেওয়া তথ্য মোতাবেক আজাদের খালাত ভাই লাভলুদের বাড়ির পেছনের ধানক্ষেতের মধ্যে তিন ফুট গভীর একটি গর্তে মাটিচাপা দেওয়া অবস্থায় সাগরের লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, সাগরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আজাদ। লাভলু মোল্লাকে আটকের চেষ্টা চলছে। লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
