কাউন্সিলর মিজানকে রিমান্ডের আবেদন মৌলভীবাজারেও
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে মৌলভীবাজারেও রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিম মো. সালেহ্ আহমদের আদালতে এ আবেদন করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক।
মৌলভীবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ এস এম আজাদুর রহমান বলেন, বেলা ১১টার দিকে মিজানকে আদালতে হাজির করে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত তা মঞ্জুর করে।
“পরে বিকালে পুলিশ মিজানকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ ব্যাপারে বুধবার শুনানি দিন রাখার হয়েছে।”
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, সোমবার মিজানকে ঢাকা থেকে মৌলভীবাজার আনা হয়। শুনানি শেষে তাকে আবার মৌলভীবাজার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান ‘শুদ্ধি অভিযানের’ মধ্যে হঠাৎ লাপাত্তা হন ক্ষমতাসীন দলের নেতা মিজান। ভারতে পালানোর চেষ্টায় থাকা মিজানকে ১১ অক্টোবর রাতে শ্রীমঙ্গল থেকে আটক করে র্যাব। সে সময় তার কাছ থেকে টাকা, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
পরে তাকে ঢাকায় এনে র্যাব-২ এর পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা করা হয়। ১২ অক্টোবর শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনেও আরেকটি মামলা হয়।
এর আগে গত ১২ অক্টোবর ঢাকার একটি আদালত মুদ্রা পাচার আইনে তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিল।
মিজানের লালমাটিয়ায় তার অফিসে এবং মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসায় তল্লাশি করে র্যাব। বাসা থেকে এক কোটি টাকার এফডিআর, তার স্বাক্ষর সম্বলিত বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের বেশ কয়েকটি চেক উদ্ধার করা হয়, যেগুলোতে লেখা টাকার অঙ্ক যোগ করে মোট ৬ কোটি ৭৭ লাখ টাকার হিসাব পাওয়া গেছে।
এছাড়া শ্রীমঙ্গলে গ্রেপ্তারের সময় মিজানের কাছে নগদ দুই লাখ টাকা এবং চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল পাওয়া যায়।
